উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
দেশের ব্যাংক খাতে গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা। জাতীয় সংসদে জামায়াতের এমপি রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে সংসদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী জানান যে এই অঙ্ক বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত পাঁচ বছরের তুলনামূলক চিত্রে দেখা গেছে যে ব্যাংক খাতে খেলাপি ঋণ লাগাতারভাবে বৃদ্ধি পাচ্ছে। ২০২১ সালে খেলাপি ঋণ ছিল ৯৪ হাজার ৩০৬ কোটি টাকা বা মোট ঋণের ৭ দশমিক ২৪ শতাংশ। পরবর্তী বছরগুলোতে এই অংক ক্রমান্বয়ে বেড়ে ২০২৫ সালে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি টাকা বা ২৯.৯২ শতাংশে পৌঁছায়। গত ৫ বছরে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ ২৪ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। জামায়াতের আরেক এমপি কামরুল হাসানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান যে ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংক কিছু পদক্ষেপ নিয়েছে। এসব কাঠামোগত সংস্কারের মূল লক্ষ্য হলো খেলাপি ঋণ কমানো এবং কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা।