উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ই-ভ্যাট ব্যবস্থায় সার্ভার জটিলতার কারণে করদাতাদের ভোগান্তির মুখে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আরো ছয় দিন বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো ধরনের জরিমানা ছাড়াই অক্টোবর মাসের রিটার্ন জমা দেওয়া সম্ভব হবে। সোমবার এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই সময় বাড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। আদেশে বলা হয়েছে যে গত ১৫ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে অতিরিক্তসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভার জটিলতা সৃষ্টি হয়। এর ফলে করদাতাদের অক্টোবর মাসের রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করার কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয়। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এর প্রদত্ত ক্ষমতাবলে এই সময়সীমা বাড়ানো হয়েছে। উল্লেখ্য, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারায় ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এতে কর মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে এবং সে হিসাবে অক্টোবর মাসের রিটার্ন জমা দেওয়ার মেয়াদ ১৫ নভেম্বর শেষ হয়। তবে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনায় জটিলতা দেখা দেওয়ায় সরকার গত ১৪ অক্টোবর অধ্যাদেশ জারির মাধ্যমে মাসিক রিটার্ন দাখিলের বিধান পুনর্বহাল করে।