উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতা ও আক্রমণাত্মক ভাষা দেশের রাজনীতির জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতিতে কতটা গভীর বিভেদ তৈরি করেছে, গোপালগঞ্জের ঘটনা তার একটি স্পষ্ট দৃষ্টান্ত। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর মূল হোতাদের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল কিন্তু তা করা হয়নি। বিদেশে অবস্থান করে আওয়ামী নেতারা অব্যাহতভাবে উসকানি দিচ্ছেন, বিদ্বেষ ছড়াচ্ছেন এবং সহিংসতায় ইন্ধন জুগিয়েছেন বলে তিনি অভিযোগ করেন। গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যাশা করে ফ্যাসিবাদের প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত বিচারিক ব্যবস্থা নেওয়া হবে। বিদেশে পলাতক অপরাধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে বিভেদ দূর করতে হবে। তিনি উল্লেখ করেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোরতা প্রয়োগের আগে যারা উসকানি দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। সমাজ থেকে এই বিভেদ দূর করতে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক উদ্যোগের প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি ঐক্যবদ্ধ দেশ যেখানে রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু এত তীব্র মাত্রার সহিংসতা স্বাভাবিক নয়। এটি বিপজ্জনক পরিস্থিতির ইঙ্গিত দেয় এবং এই অবস্থা থেকে সমাজকে বের করে আনতে বহুমাত্রিক প্রচেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন।