উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ১০ আসামিকে এবং দুপুর ১২টা ১ মিনিটে মামলার অপর আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের শুনানির দিন ধার্য রয়েছে। শেখ হাসিনাসহ এ মামলায় মোট আসামি ৪১ জন এবং তাদের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করছেন আসামিপক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনালে হাজির করা ১১ আসামি হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা। প্রিজন ভ্যান থেকে নামানোর পর দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া অন্য আসামিদের হাতে হাতকড়া ছিল এবং তাদের বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। গত ১২ নভেম্বর মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ওই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষের শুনানিতে তিনি আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ তুলে ধরেন এবং প্রসিকিউশনের পক্ষ থেকে মামলায় দুটি প্রধান অভিযোগ আনা হয়। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৩২ জনকে হত্যার ঘটনা এবং দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে যার মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এবং বাকি ৩০ জনকে পলাতক ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে। গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল-২ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন এবং নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় ১৬ সেপ্টেম্বর তাদের পলাতক ঘোষণা করা হয়।