উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিকে সামনে রেখে ২০২৯ সাল পর্যন্ত ১৯টি সংস্কার কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, ব্যাংক খাতে শৃঙ্খলা, রাজস্ব আয় বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, শিল্পের উৎপাদনশীলতা এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর আওতায় ২০২৯ সালের মধ্যে মূল্যস্ফীতি ছয় শতাংশে নামিয়ে আনা, কর-জিডিপি অনুপাত কমপক্ষে ৯ শতাংশে উন্নীত করা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছয় মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণে নেওয়ার লক্ষ্য রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই রোডম্যাপের আওতায় খেলাপি ঋণের হার ২০ শতাংশের নিচে নামানো এবং বন্দরের কনটেইনার খালাসের সময় কমানোর পরিকল্পনাও রয়েছে। ন্যাশনাল রোডম্যাপ ফর স্মুথ, সাসটেইনেবল অ্যান্ড ইররিভার্সিবল এলডিসি গ্র্যাজুয়েশন শীর্ষক এই কর্মপরিকল্পনায় তাৎক্ষণিক, মধ্যমেয়াদি ও উত্তরণ-পরবর্তী প্রস্তুতি—এ তিন পর্যায়ে সংস্কারগুলো সাজানো হয়েছে। ২০২৬ সালের জুন থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত সময়সীমায় বিভিন্ন সংস্কার বাস্তবায়ন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি অর্জনের জন্য তিন ধাপের সংস্কার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে মূল্যস্ফীতি কমানো ও ব্যাংক খাতে সংস্কার, দ্বিতীয় ধাপে কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং তৃতীয় ধাপে রপ্তানি বহুমুখীকরণের কাজ করা হচ্ছে। পুরো রোডম্যাপ বাস্তবায়নে বাজেট, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত এবং গ্রিন ফাইন্যান্স থেকে অর্থায়ন আসবে।