উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও দলটির রাজনৈতিক অবস্থান নিয়ে মাওলানা নুরুল ইসলাম ওলিপুরীর দেওয়া খোলা চিঠির আনুষ্ঠানিক জবাব দিয়েছেন দেশের তিন শীর্ষ আলেম। তারা হলেন অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), মাওলানা লিয়াকত আলী এবং মাওলানা মাহফুজুল হক। রোববার এক যৌথ জবাবী পত্রে এই তিন আলেম ওলিপুরীকে চিঠি চালাচালির পথ পরিহার করে সরাসরি বৈঠকে বসে পারস্পরিক আলোচনার আহ্বান জানান। জবাবী পত্রে তিন আলেম উল্লেখ করেন, মাওলানা মামুনুল হকের ভূমিকা ও বক্তব্য নিয়ে মাওলানা ওলিপুরী একটি পত্র পাঠিয়েছিলেন। বিষয়টি স্পষ্ট করার লক্ষ্যে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর মারফত ওলিপুরীকে সরাসরি একত্রে বসে বিস্তারিত আলোচনার আহ্বান জানানো হয়েছিল। তাদের প্রত্যাশা ছিল, সরাসরি উপস্থিতিতে প্রশ্নোত্তর ও ব্যাখ্যার মাধ্যমে উত্থাপিত বিষয়গুলোর প্রকৃত অবস্থা পরিষ্কার হবে এবং ভুল বোঝাবুঝি নিরসনের সুযোগ সৃষ্টি হবে। কিন্তু সেই আহ্বানে সাড়া না দিয়ে মাওলানা ওলিপুরী একটি খোলা চিঠির মাধ্যমে বিষয়টি সর্বসাধারণের সামনে উপস্থাপন করায় তারা বিস্ময় ও আক্ষেপ প্রকাশ করেন। চিঠিতে বলা হয়, এ ধরনের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ের সমাধান কেবল চিঠি আদান-প্রদানের মাধ্যমে সম্ভব নয়। বরং পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্য বজায় রেখে সরাসরি উপস্থিতিতে খোলামেলা আলোচনার মাধ্যমেই বিষয়গুলোর সুষ্ঠু সুরাহা হতে পারে। পত্রের শেষাংশে তারা উল্লেখ করেন, যেহেতু মাওলানা ওলিপুরীর পক্ষ থেকে বিষয়টি খোলা চিঠির মাধ্যমে জনসম্মুখে প্রকাশ করা হয়েছে, তাই প্রকৃত অবস্থা দেশবাসীকে অবহিত করার স্বার্থে তাদের প্রেরিত এই জবাবী পত্রটিও সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।