উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
গোপালগঞ্জের পরিস্থিতি কেবল সরকারের নয়, বরং রাষ্ট্রযন্ত্রেরও চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে মিয়া গোলাম পরওয়ার বলেন, গোপালগঞ্জে নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং বিভিন্ন স্থাপনা ও রাজনৈতিক দলের কার্যালয়ে আক্রমণ চালানো হচ্ছে। এসব ঘটনা দেখে এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের অংশ কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি উল্লেখ করেন, সব অঙ্গ ও প্রশাসনিক অবকাঠামোর অভিভাবক হিসেবে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ বজায় রাখা রাষ্ট্রের দায়িত্ব হলেও তা করতে চরম ব্যর্থতার পরিচয় দেওয়া হচ্ছে। ফলে এই রাষ্ট্রের আদৌ কোনো অভিভাবক আছে কি না, তা সাধারণ মানুষ বুঝতে পারছে না। গোলাম পরওয়ার আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী যে দাবি করেছেন, তা মানুষের কাছে বাস্তবতাকে অস্বীকার করা ও হাস্যকর ছাড়া কিছু নয়। জনগণের রায় ও আকাঙ্ক্ষা উপেক্ষা করায় এই সরকারের ওপর জনগণের কোনো আস্থা নেই বলেও তিনি মন্তব্য করেন।