উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতৃত্বে দেশে নৈরাজ্য, সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে আদালত চত্বর প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি রফিক সরকার, সাধারণ সম্পাদক ও এপিপি হুমায়ুন কবীর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল প্রমুখ। ডিসেম্বরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ফেরা নিয়ে দেশজুড়ে হামলা, সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ। তাদের এসব কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। এসব সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের রক্ত এখনো শুকায়নি, মায়েদের আহাজারিও থামেনি। এরপরও ফ্যাসিবাদের ফেরার যে কোনো অপচেষ্টা জনগণ প্রতিহত করবে এবং দেশকে অস্থিতিশীল করে আবার নৈরাজ্যের পথে নিতে দেওয়া হবে না। রোববার দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের ক্ষমতাচ্যুত করেছে। রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে রাজপথে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়েছিল এবং বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও তার ইশারায় বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা হচ্ছে। কলা অনুষদের সাবেক ডিন ও ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. ফজলুল হক বলেন, এখন আমাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশে যেন এমন পরিস্থিতি দ্বিতীয়বার ফিরে না আসে, সে বিষয়ে সচেতন থাকা। উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা ৫ আগস্ট ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছি। নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার প্রতিবাদে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ। গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, রেজিস্ট্রার অধ্যাপক ড. ফেরদৌস রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। রেজিস্ট্রার অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, দীর্ঘ জুলুম-নির্যাতনের পর আমাদের শিক্ষার্থী আবু সাঈদসহ সারা দেশে দেড় হাজার শিক্ষার্থী নিহত হয়েছেন এবং তাদের রক্ত এখনো শুকায়নি।