উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপির দুটি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী মিছিল নিয়ে এসে এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছে পিরোজপুর জেলা বিএনপি। পাশাপাশি হামলাকারীরা বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরেও হামলা চালিয়ে লুটপাট করেছে বলে অভিযোগ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের তিন শতাধিক নেতাকর্মী নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসেন। এ সময় তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়িতে হামলা চালান এবং কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। একই সময় মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও ভাঙচুর চালিয়ে চেয়ার-টেবিল বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও নাজিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া থেকে এসে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। একই সঙ্গে তিনি সোমবার বিকেলে নাজিরপুরের সাচিয়া বাজারে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভা আয়োজনের ঘোষণা দেন। এ বিষয়ে নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।