উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানার ওয়াপদা রোডের স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি অফিসে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুই কর্মচারী হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। প্রতিষ্ঠানের ম্যানেজার পলাশ জানান, সন্ধ্যা ৭টার দিকে চারজন দুর্বৃত্ত তাদের অফিসে প্রবেশ করে দুই কর্মচারীকে গুলি করে পালিয়ে যায়। হাবিবুরের বাম হাতে এবং সাজুর ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন এবং বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, রামপুরার ওয়াপদা রোড এলাকা থেকে দু’জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসার পর তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, চারজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত ওই কার্যালয়ে প্রবেশ করে গুলি চালায় এবং ঘটনার কারণ ও হামলাকারীদের পরিচয় জানতে পুলিশ কাজ করছে।