উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকের অপসারণের দাবিতে এবার দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় রোববার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এর আগে ব্রুসার ফেসবুক পেজ থেকে পরিচালককে অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। রোববার দুপুর ১২টার মধ্যে দাবি বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করে দিলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে একত্রিত হন। উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও ইনফরমেশন সেন্টারের উপ-গ্রন্থাগারিক মো. মামদুদুর রহমানকে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দেয় প্রশাসন। সাম্প্রতিক সময়ে উপাচার্যের কার্যালয়ে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনায়ও অন্যতম অভিযুক্ত হিসেবে রয়েছেন এই কর্মকর্তা। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে শিক্ষক বাদ দিয়ে একজন কর্মকর্তাকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত সপ্তাহেও এই দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছিল এবং প্রশাসন আশানুরূপ কোনো ফলাফল দেয়নি বলে জানান আন্দোলনকারীরা।