উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রূপগঞ্জ প্রতিনিধি, রূপগঞ্জ ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. রনি (৪১) নামে এক মাইক্রোবাস চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের প্রায় আধা ঘণ্টা পর অভিযুক্ত আল আমিন নিজেই ঘটনাস্থলে ফিরে এসে হত্যার দায় স্বীকার করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।রোববার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তারা মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।নিহত রনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা আলী হোসেনের ছেলে। অভিযুক্ত আল আমিন একই এলাকার আব্দুল আলীর ছেলে।প্রত্যক্ষ দর্শীদের বরাত দিয়ে জানা যায়, রোববার ভোরে ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিমের বাড়ির সামনে অবস্থান করছিলেন আল আমিন। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসচালক রনির ওপর হামলা চালান তিনি। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে রনিকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে চলে যান আল আমিন। প্রায় ৩০ মিনিট পর তিনি আবার সেখানে ফিরে আসেন। স্থানীয় লোকজনের সামনে নিজেই হত্যার কথা স্বীকার করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে আটকে রেখে পুলিশে খবর দেন। তার আচরণ দেখে তাকে নেশাগ্রস্ত মনে হয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া নিহত রনির সঙ্গে অভিযুক্তের কয়েক দিন ধরে বিরোধ চলছিল বলে স্থানীয়ভাবে জানা গেছে।ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারকারী সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওলিউল্লাহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আটক করে থানায় রাখা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন এবং হত্যায় ব্যবহৃত ছুরিটি কোথায় ফেলেছেন, সে সম্পর্কেও তথ্য দিয়েছেন। ছুরিটি উদ্ধারে পুলিশ কাজ করছে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অভিযুক্তের ভাষ্য অনুযায়ী, রনি রাস্তায় চলার সময় এক নারীর সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। এর প্রতিবাদ করায় রনি তাকে মারধর করেন। এ ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে রনিকে হত্যা করেন বলে দাবি করেছেন আল আমিন।ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিনের আচরণ অসংলগ্ন মনে হয়েছে। তিনি উল্টাপাল্টা কথা বলছেন। তার মানসিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে আরও তদন্ত প্রয়োজন।