উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
সিলেটের কানাইঘাটের ভারত সীমান্তে অভিযান চালিয়ে বিপুল বিস্ফোরকের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার নুনছড়া চা বাগান এলাকায় জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অভিযানে এসব বিস্ফোরক জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্ধকার ও দুর্গম এলাকার সুযোগে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। বিজিবি জানায়, অভিযানে ৪৮টি পাওয়ারজেল, ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাওয়ারজেল উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক এবং ডেটোনেটর ও ফিউজ বিস্ফোরক সক্রিয় করতে ব্যবহৃত হয়। পলাতকদের শনাক্ত ও গ্রেফতারে অনুসন্ধান চলছে এবং এ ঘটনায় কানাইঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক পাচার প্রতিরোধে সিলেট সেক্টরজুড়ে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সিলেট সেক্টরের ধারাবাহিক অভিযানে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সোহেল আলম জানান, ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় প্রযুক্তিগত নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।