উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
রাজধানীর মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় খাবারের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে এবং এর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দেশীয় খাবারের জন্য জনপ্রিয় এই রেস্তোরাঁয় বসার জায়গা পেতে সিরিয়াল দিতে হয়। সিরিয়াল পাওয়া নিয়ে কথাকাটির একপর্যায়ে একদল যুবক রেস্তোরাঁর ভেতরে ঢুকে চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর চালান। এই সংঘর্ষের ঘটনায় তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আদনানসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন জানান, হামলাকারীরা তিতুমীর কলেজের শিক্ষার্থী কি না তা নিশ্চিত নয়, তবে এ বিষয়ে এখনও কোনো মামলা বা অভিযোগ হয়নি। রেস্তোরাঁর মালিক সাফিন বেগ জানান, একটি খালি চেয়ারে বসা নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয় এবং পরে যুবকরা দলবদ্ধ হয়ে হামলা চালায়। দুপুরে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রুহুল কবীর খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।