উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
লিবিয়ায় এক বাংলাদেশিকে জিম্মি করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের ঘটনায় মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নাটোর জেলার সিংড়া থানার সিংড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাটোরের সিংড়া থানার চাঁদপুর এলাকার মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানা (৪৫)। ভুক্তভোগী মো. সাইফুল (৩৯) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের বাসিন্দা মো. আব্দুস সামাদের ছেলে। পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রায় দুই বছর আগে দালালের মাধ্যমে লিবিয়ায় গিয়ে তিনি পাচারকারী চক্রের হাতে জিম্মি হন। তদন্তে জানা যায়, ২০২৫ সালের ৫ আগস্ট লিবিয়া থেকে সাইফুলের স্ত্রীর কাছে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। সন্তানের জীবন বাঁচাতে তাঁর পরিবার ১০ থেকে ২৫ আগস্টের মধ্যে বিভিন্ন নম্বরে বিকাশের মাধ্যমে পাঁচ লাখ টাকা পাঠায়। তবে টাকা পাঠানোর পরও সাইফুলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ করিয়ে দেওয়া হয়নি। পরবর্তীতে চক্রের সদস্য সোহেল সাইফুলের স্ত্রীকে উদ্ধারের আশ্বাস দিয়ে ঢাকায় ডেকে প্রতারণা করে এবং অন্য একটি নম্বর থেকে আরও ৪২ লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং দণ্ডবিধিতে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার গ্রহণের পর তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করে সিআইডি। চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের আইনের আওতায় আনা ও লিবিয়ায় আটক সাইফুলকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে সংস্থাটি।