উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভবিষ্যদ্বাণীমূলক বাজার প্ল্যাটফর্ম কালশির উপদেষ্টার পদ ছাড়ছেন। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান পলিমার্কেটে তার বিনিয়োগের পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয় এবং কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর ট্রাম্প জুনিয়রের কালশি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা সামনে এল। এরই মধ্যে ভবিষ্যদ্বাণীমূলক বাজার ও ক্রিপ্টোকারেন্সি খাতে ট্রাম্প পরিবারের ব্যবসায়িক সংশ্লিষ্টতা নিয়ে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাটরা। এর আগে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক দিন আগে ট্রাম্প জুনিয়রকে উপদেষ্টা হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছিল কালশি। তখন প্রতিষ্ঠানটি তাঁকে ভবিষ্যদ্বাণীমূলক বাজার খাতের একজন সমর্থক হিসেবে বর্ণনা করেছিল। একই সঙ্গে জানানো হয়েছিল, তিনি প্রতিষ্ঠানটির বিপণন কৌশল নিয়ে পরামর্শ দেবেন এবং নিয়ন্ত্রক সংক্রান্ত বিষয়ে তাঁর কোনো ভূমিকা থাকবে না। ট্রাম্প জুনিয়র কালশি ও প্রতিষ্ঠানটির প্রধান প্রতিদ্বন্দ্বী পলিমার্কেট—দুটিরই আনুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বিনিয়োগ প্রতিষ্ঠান ১৭৮৯ ক্যাপিটাল পলিমার্কেটে বিনিয়োগ করেছে এবং কালশির উপদেষ্টা হিসেবে কাজ করার পারিশ্রমিক হিসেবে প্রতিষ্ঠানটির মালিকানার একটি অংশ পেয়েছিলেন তিনি। কালশির এক মুখপাত্র ব্লুমবার্গকে জানিয়েছেন যে গত গ্রীষ্মে প্রতিদ্বন্দ্বী একটি প্রতিষ্ঠানে তাঁর বিনিয়োগের পর পারস্পরিক সম্মতির ভিত্তিতে ডনের উপদেষ্টার দায়িত্ব শেষ করা হয়েছে।