উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
রাজধানীর প্রাণপ্রবাহ বুড়িগঙ্গা নদীকে দূষণ ও দখলমুক্ত করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বুড়িগঙ্গা মঞ্চ। সংগঠনটির অভিযোগ, বছরের পর বছর ধরে নদী রক্ষার নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হলেও কার্যত নদীর পানি ও পরিবেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। তাই সরকার ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগে রক্ষায় প্রণোদনা এবং দূষণে শাস্তি নীতি প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। বৃহস্পতিবার ১২ নভেম্বর বুড়িগঙ্গা মঞ্চের আহ্বায়ক রাশেদ আলী এবং যুগ্ম সদস্য সচিব মোঃ ইউনূছ আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০১০ সালে প্রায় ১ হাজার ১২৫ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে বুড়িগঙ্গায় পানি আনার একটি প্রকল্প নেওয়া হলেও কাঙ্ক্ষিত পানিপ্রবাহ এখনো নিশ্চিত হয়নি। অন্যদিকে, নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা এবং নদীর তলদেশ থেকে পলিথিন ও আবর্জনা অপসারণে ২০১১ সালে ১৭ কোটি ও ২০২৫ সালে প্রায় সাড়ে ৬ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এ ছাড়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, সীমানা পিলার স্থাপন ও সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হলেও সামগ্রিক পরিবেশগত অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। নদী রক্ষায় উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ আদেশ ও নির্দেশনা থাকা সত্ত্বেও মাঠপর্যায়ে সেগুলোর বাস্তবায়নে সমন্বয়হীনতা ও আন্তরিকতার ঘাটতি রয়েছে বলে দাবি করা হয়। সম্প্রতি কয়েকটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত বুড়িগঙ্গার প্লাস্টিক দূষণের চিত্র নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। নদীর তীরবর্তী কিছু এলাকায় প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসা, রিকশা-ভ্যানের গ্যারেজ, টংদোকান ও মাদকসেবনের আস্তানা গড়ে উঠেছে এবং এর পেছনে অসাধু চক্র জড়িত রয়েছে। বুড়িগঙ্গাসহ দেশের নদ-নদী রক্ষায় বিজ্ঞানভিত্তিক, সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি বলে মনে করে সংগঠনটি। নদী রক্ষা কেবল সরকারের একক দায়িত্ব নয় বরং নাগরিকদেরও সম্মিলিত কর্তব্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সরকার ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা হলে বুড়িগঙ্গাসহ সব নদীর স্বাভাবিক প্রাণপ্রবাহ ফিরিয়ে আনা সম্ভব হবে।