উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
পতিত ফ্যাসিস্ট অপশক্তির সাম্প্রতিক অপতৎপরতার বিরুদ্ধে সরকারকে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। বুধবার রাতে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক নির্বাহী বৈঠকে নেতারা এ দাবি জানান। বৈঠকে নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, পলাতক আওয়ামী ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। দেশের বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের ওপর হামলার মতো ঘটনা ঘটানো হচ্ছে। পাহাড়ি, সংখ্যালঘু ও শ্রমিকদের বিভ্রান্ত করে দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা চলছে বলেও তারা অভিযোগ করেন। দলটির নেতারা স্পষ্ট জানিয়ে দেন, দেশপ্রেমিক জনতা সজাগ থাকায় বাংলাদেশে আর ফ্যাসিবাদ কায়েম হবে না। তারা ফ্যাসিবাদীদের বিরুদ্ধে চলমান মামলা দ্রুত নিষ্পত্তি এবং দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রায় কার্যকরের দাবি জানান। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা এবং নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার ওপর গুরুত্বারোপ করেন তারা। নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।