উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। ডেপুটি স্পিকার জানান, মধ্যরাত দুইটার দিকে হামলার খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছিলেন। কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি। এরপর তিনি পর্যায়ক্রমে আইনমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীকে কল দিলেও কারও সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি। কায়সার কামাল বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগের বিষয়। তবে দেরিতে হলেও বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং সংসদে এ নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, অপরাধীদের আইনের আওতায় আনা হয় কি না, তা দেখার জন্য আমাদের তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।