উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে ‘বাংলাফ্যাক্ট’। এছাড়া সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ১৯টি ওয়েবসাইট, ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য শিরীন সুলতানার এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই তথ্য জানান। মন্ত্রী অনুপস্থিত থাকায় প্রতিমন্ত্রী তাঁর পক্ষে এই জবাব প্রদান করেন। প্রতিমন্ত্রী সংসদকে জানান যে দেশজুড়ে অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিমূলক সংবাদ মোকাবিলায় ‘বাংলাফ্যাক্ট’ অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। এই প্ল্যাটফর্মটি এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মোট ৫৫২টি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তিনি আরও জানান যে বর্তমানে ‘বাংলাফ্যাক্ট’ প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি ভুয়া দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, রিল ও ভিডিও প্রকাশ করে চলেছে। সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীদের সচেতন ও সহায়তার উদ্দেশ্যে শিগগিরই একটি ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে। জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফিচার ও জনসচেতনতামূলক বার্তা নিয়মিত প্রচার করা হচ্ছে। তথ্য অধিদপ্তরের দাপ্তরিক ফেসবুক পেজ এবং দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে এসব বার্তা ও তথ্য নিয়মিত প্রকাশ করা হচ্ছে বলেও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন।