উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১১ নভেম্বর রাত ১২টার দিকে ঘটা এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে গভীর রাতে এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও কাপুরুষোচিত। তিনি অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এছাড়া তিনি নুসরাত তাবাসসুম জ্যোতি ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তিনি আরও বলেন, নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব এবং সরকার ব্যর্থ হলে তার দায় তাকেই বহন করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য ও ভিন্নমত কখনোই সহিংসতা বা অগ্নিসংযোগের অজুহাত হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। দেশে আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এই জামায়াত নেতা।