উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ফেনীর ঐতিহ্যবাহী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে মাদরাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৭৯ ও জিপিএ-৫ পাওয়া ১৪১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। মাদরাসা অধ্যক্ষ মুফতি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক নুরদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। ফালাহিয়া মাদরাসার অতীত ঐতিহ্যের প্রশংসা করে প্রধান অতিথি বলেন, এখানকার সাড়ে ৬ হাজার শিক্ষার্থী থাকাটা সম্মান ও গর্বের বিষয় এবং এই মাদরাসার ছাত্ররা নানা ক্ষেত্রে অবদান রেখেছে। তিনি আরও বলেন, শুধু শরয়ী জ্ঞান নিয়ে কাজ করলে হবে না, বরং বিজ্ঞান, কৃষি, প্রযুক্তি, ভাষা ও গণিতেও গুরুত্ব দিতে হবে। মাদরাসার ছাত্র হিসেবে শুধু ইংরেজিতে গুরুত্ব দিলে হবে না, আরবিতেও পারদর্শী হতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাকির উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদরাসার ফকিহ ও দারুল ইসলাম সোসাইটির চেয়ারম্যান মুফতি আবদুল হান্নান এবং বিদায়ী বক্তব্য দেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম। পঞ্চম, অষ্টম, দাখিল, আলিম ও ফাজিল পর্যায়ে কৃতি শিক্ষার্থী এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।