উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ওয়াশিংটন নতুন করে ইরানে হামলা চালালে ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিও তেহরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতে পারে। লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই এই হুঁশিয়ারি দিয়েছেন। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের বাইরেও প্রতিশোধমূলক হামলা সম্প্রসারণের স্পষ্ট ইঙ্গিত দিল দেশটি। মোহসেন রেজাই বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা চালালে ইরান শুধু আশপাশের মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা আঘাত সীমাবদ্ধ রাখবে না। ইউরোপের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলোকে ইরানে হামলা চালানোর কাজে ব্যবহার করা হলে সেগুলোও লক্ষ্যবস্তু হবে। এছাড়া যেসব দেশ নিজেদের ভূখণ্ডে মার্কিন সেনাদের অবস্থানের সুযোগ দিয়েছে, তাদের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় সহায়তা না করারও হুঁশিয়ারি দেন তিনি। সাক্ষাৎকারে রেজাই আরো জানান যে ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে তেহরানের কোনো ধরনের আলোচনা চলছে না। একই সঙ্গে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে কোথাও স্থানান্তর করা হবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত পুনরায় শুরু হওয়া ঠেকাতে যখন নতুন কূটনৈতিক তৎপরতা চলছে, তখন এই বক্তব্য উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে।