উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
নরসিংদীর অধিকাংশ ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও ঘুস-দুর্নীতি এখন নিয়মে পরিণত হয়েছে। তহসিলদার ও কর্মচারীদের আত্মীয়স্বজন এবং দালাল চক্রের মাধ্যমে চলা এই অবৈধ লেনদেনে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ সেবাপ্রার্থীরা। সরকার ভূমিসেবা দুর্নীতিমুক্ত করতে ডিজিটাল নামজারি ও অনলাইন করব্যবস্থা চালু করলেও মাঠপর্যায়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন রয়েছে। অনলাইনে আবেদনের পর মূল কাগজপত্র নিয়ে ভূমি অফিসে গেলে টাকা ছাড়া কোনো ফাইল নড়ে না। জমির আকারভেদে নামজারির প্রস্তাব পাঠাতে ১ থেকে ১৫ হাজার এবং ক্ষেত্রবিশেষে ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ঘুস দিতে হয়। এছাড়া মিস কেসের তদন্ত প্রতিবেদন পেতে ১০ থেকে ৩০ হাজার এবং সাধারণ নকল তুলতেও ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়া হয়। জেলার ৭১টি ইউনিয়ন ভূমি অফিসের অধিকাংশে তহসিলদার ও কর্মচারীরা নিজেদের ভাই, শ্যালক ও ভাগিনাসহ পরিচিত বহিরাগতদের দিয়ে দাপ্তরিক কাজ করাচ্ছেন। এমনকি অত্যন্ত সংবেদনশীল সরকারি সার্ভারের গোপন আইডি ও পাসওয়ার্ডও তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। দিন শেষে সেবাপ্রার্থীদের কাছ থেকে আদায় করা এসব অর্থের ভাগ নেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বহিরাগতরা। এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মু. রাসেদুজ্জামান জানান, জেলার অধিকাংশ ইউনিয়ন ভূমি অফিসে তহসিলদার পদ শূন্য থাকায় উপসহকারীরা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারি অফিসে বহিরাগতদের কাজ করার কোনো সুযোগ নেই এবং বিষয়টি তাঁর জানা ছিল না। তবে আগামী এক মাসের মধ্যেই তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।