উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ধরতে একটি বারে প্রবেশের চেষ্টা করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় মারধরের শিকার হয়ে ছাত্রদলের তিনজন নেতা-কর্মী আহত হয়েছেন। পরে পুলিশ বারের ভেতর থেকে ছাত্রলীগের দুই কর্মী রাজা ও সুমনকে আটক করেছে। বুধবার রাত ১০টার দিকে কনকর্ড টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত কয়লা বারের সামনে ও ভেতরে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রদলের ১০০ থেকে ১৫০ জন নেতা-কর্মী বারে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা গেট বন্ধ করে দেন এবং মারধরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বারের ভেতরে অভিযান চালায়। এ সময় রাজা ও সুমন ছাড়াও বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকে আটক করে মোহাম্মদপুর থানা-পুলিশ। ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, আটক সুমনের বিরুদ্ধে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনার প্রমাণ রয়েছে। রাজা ও সুমন নামে ছাত্রলীগের এই দুই কর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা।