উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধনের লক্ষ্যে একটি নতুন বিল উত্থাপন করা হয়েছে। বুধবার পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল’ সংসদে তোলেন। বিলটি পরীক্ষা করে দুই দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। বিলে বলা হয়েছে, ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে এমন কোনো শর্ত আরোপ করা যাবে না, যা অপ্রয়োজনীয়ভাবে নতুন নিবন্ধিত ব্যক্তি বা নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে। মূলত এ সংক্রান্ত আগের একটি অধ্যাদেশ রহিত করে আইনে প্রয়োজনীয় সংশোধন আনতে এই বিলটি আনা হয়েছে। দেশীয় শিল্পের বিকাশ, স্থানীয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকারি ক্রয়ে বাংলাদেশে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দেওয়ার বিধান রাখা হয়েছে বিলে। এমনকি জাতীয় অর্থনীতিতে অবদান বৃদ্ধিতে নির্দিষ্ট শ্রেণির দেশীয় পণ্য ক্রয় বাধ্যতামূলক করতে পারবে সরকার। এতে স্থানীয় উদ্যোক্তারা সরাসরি উপকৃত হবেন। বিলে আরও উল্লেখ করা হয়েছে, ক্ষুদ্র ও নারী দরপত্রদাতা অথবা সুযোগবঞ্চিত ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার যোগ্যতার শর্তাদি শিথিল করতে পারবে। তবে বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিতে চাইলে তাদের অবশ্যই বাংলাদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ গঠন করতে হবে।