উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
আগামী ১৩ নভেম্বর এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এনসিপির আহ্বায়কের এটিই প্রথম যুক্তরাজ্য সফর এবং আগামী ১৬ নভেম্বর তাকে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। গত ৯ নভেম্বর পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক। সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠকের পাশাপাশি ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবাধিকার সুরক্ষায় টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জগুলো গুরুত্ব পাবে। এহতেশাম হক জানান যে, নাহিদ ইসলামের এই সফরে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনায় জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নির্বিচার দলীয়করণের প্রভাবসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে। এছাড়া যুক্তরাজ্যের প্রাণবন্ত ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিকে আরো ঘনিষ্ঠভাবে জানা এবং তাদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শোনাকে বিশেষ অগ্রাধিকার দেবেন তিনি।