উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
সামাজিক উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে (এসডিএফ) দীর্ঘ ১৫ থেকে ২৫ বছর ধরে কর্মরত ১ হাজার ১৬৫ জন কর্মকর্তা-কর্মচারী চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন শুরু করেছেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা স্থায়ী জনবল কাঠামো গঠনসহ ১৩ দফা দাবি উত্থাপন করেন। এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক কর্মী অংশ নেন। সংগঠনের প্রধান সমন্বয়কারী মো. আবদুল লতিফ মিয়া জানান, বিশ্বব্যাংকের অর্থায়ন প্রত্যাহারের পর 'রেলি' প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে, যা কর্মীদের জীবন ও জীবিকাকে ঝুঁকির মুখে ফেলেছে। বক্তারা বলেন, সরকারি অর্থায়নে রেলি প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত বাড়ানো হলেও এটি কোনো স্থায়ী সমাধান নয়। তারা নতুন প্রকল্প অনুমোদন না হওয়া পর্যন্ত অর্থায়ন নিশ্চিত করা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্থায়ী জনবল কাঠামো প্রণয়নের জোর দাবি জানান। এছাড়া নিয়োগ-বাণিজ্য, কেনাকাটায় দুর্নীতি বন্ধ এবং সাম্প্রতিক অনিয়মের তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশের দাবি জানানো হয়। এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে এসডিএফের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের হুঁশিয়ারি দেন আন্দোলনকারী নেতারা।