উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফতুল্লা, স্টাফ রিপোর্টার, ফতুল্লা ||
নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় জামিয়া আশরাফিয়া আবাসিক মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে ১৮ জন। তাদের মধ্যে আজিজুল হক সিয়াম নামে এক শিক্ষার্থী ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে।ইনস্টিটিউটের জরুরি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি চার শিক্ষার্থীর মধ্যে ২০ বছর বয়সী ইউসুফের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ফলে তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।গত ৯ নভেম্বর দিবাগত রাত পৌনে ২টার দিকে মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত পাঠাগার ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়। এ সময় শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিল। আগুন দ্রুত বই ও কাগজপত্রে ছড়িয়ে পড়লে পুরো ভবনে ধোঁয়ার সৃষ্টি হয়। এতে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন শিক্ষার্থী।খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকা অবস্থায় পাঠাগার ও অফিসকক্ষের বই এবং কাগজপত্রে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।