উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের আবেদন করলেও তা নাকচ করেছে ঢাকা। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ দেশে ফেরার বাস্তব পরিকল্পনার চেয়ে আওয়ামী লীগের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখা এবং নিজেকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক রাখার কৌশল বেশি। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান ৭৯ বছর বয়সি শেখ হাসিনা। ২০২৪ সালের আন্দোলনে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় ২০২৫ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, মানুষ হত্যার দায়ে অভিযুক্ত পলাতকদের পাসপোর্ট দেওয়া হয় না এবং প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত আনার চেষ্টা চলছে। অন্যদিকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের স্পষ্ট করে বলেছেন, দেশে ফিরলে শেখ হাসিনার রায় কার্যকর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমান মনে করেন, নিজের পরিণতি জেনেও হাসিনা চান দলের নেতাকর্মীরা সক্রিয় থাকুক। ঢাকায় মার্কিন দূতাবাসের সাবেক উপমিশনপ্রধান জন এফ ড্যানিলোভিচও মন্তব্য করেন, ডিসেম্বরে হাসিনার ফেরার সম্ভাবনা নেই এবং এটি নিছকই সমর্থকদের উজ্জীবিত করার রাজনৈতিক চাল। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক ফয়েজ সোবহান বলেন, বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের মনোবল চাঙা রাখাই এর উদ্দেশ্য। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে দলটির কোনো রাজনৈতিক সমঝোতার সম্ভাবনাও তিনি নাকচ করে দেন। ভারতের ও পি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্ত জানান, ভারত হাসিনাকে দীর্ঘদিনের বন্ধু হিসেবে দেখে। তবে ভারতে তাঁর উপস্থিতি ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে। বিশ্লেষকদের একাংশের মতে, ভারত তাঁকে ছাড়তে না পারলেও তাঁর অবস্থান পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করবে না। এদিকে সোমবার এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশে ফিরে আবারও ফ্যাসিবাদের মাধ্যমে সিংহাসন পুনরুদ্ধারের ভাবনা শেখ হাসিনার জন্য কেবলই আত্মবিভ্রান্তি।