উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন কিন্তু এখনো ‘জুলাইযোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত হননি, এমন ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এ লক্ষ্যে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং আহত ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্র ও উপযুক্ত প্রমাণসহ আবেদন করতে বলা হয়েছে। মঙ্গলবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ডা. মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন বা এখনো চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু তালিকায় নাম ওঠেনি, এমন ব্যক্তিরা নতুন করে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য এবং আন্দোলন চলাকালে আহত হওয়ার স্বপক্ষে উপযুক্ত প্রমাণক জমা দিতে হবে। এসব কাগজপত্রসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় অথবা জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে আবেদন জমা দেওয়া যাবে। গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে বিপুলসংখ্যক নিরস্ত্র দেশপ্রেমিক ছাত্র-জনতা শহীদ হয়েছেন এবং অসংখ্য মানুষ বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন। আন্দোলনে অংশগ্রহণকারীদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি প্রদান, শহীদ পরিবারের কল্যাণ এবং আহতদের পুনর্বাসন নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে শহীদ ও জুলাইযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হয়েছে।