উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
গণভোটের রায় উপেক্ষা করা হলে জনগণ তাদের অধিকার আদায়ে আবারও রাজপথে নেমে আসবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মঙ্গলবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাট এলাকায় আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানানো হয়। মাওলানা মামুনুল হক বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের ভোটে প্রকাশিত গণরায়ের অধিকার পুরোপুরি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় তিনি প্রশাসনের দলীয়করণমুক্তকরণ এবং মেধা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে স্বাধীন পাবলিক সার্ভিস কমিশন গঠনের আহ্বান জানান। এছাড়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি। বিএনপির ৩১ দফার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংবিধান সংস্কারের অঙ্গীকার থাকলেও সরকারে আসার পর তা বাস্তবায়নে অনীহা দেখা যাচ্ছে। এছাড়া দেশের অর্থনীতি ধ্বংসের প্রান্তে পৌঁছেছে উল্লেখ করে তিনি বলেন, উৎপাদন খাত সংকুচিত হওয়ায় পণ্যের খরচ অস্বাভাবিক বেড়ে গেছে। রাষ্ট্রের ক্ষমতা একজনের হাতে না রেখে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার দাবিও জানান তিনি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস বিভিন্ন এলাকায় প্রার্থী দিচ্ছে। কামরাঙ্গীরচরের ৫৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে হাফেজ সাইদুজ্জামান শাহীনের নাম ঘোষণা করেন তিনি। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী শেখ নাসের আহমদের জন্য এলাকাবাসীর সমর্থন কামনা করেন তিনি।