উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
বরিশালের গৌরনদী বন্দরের ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে আশোকাঠী ফিলিং স্টেশনের কর্মচারী মো. মহিউদ্দিন তালুকদার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। সোমবার বিকেল ৩টার কিছু আগে তিনি চার লাখ টাকা নিয়ে ব্যাংকের উদ্দেশে রওয়ানা হন এবং এরপর থেকেই তার কোনো সন্ধান মিলছে না। আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে উপজেলা পরিষদের দক্ষিণ পাশে সাহা বাড়ি সংলগ্ন জঙ্গলের পাশ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। তবে নিখোঁজের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী তার কোনো সন্ধান দিতে পারেনি এবং মঙ্গলবার দুপুর ১২টার দিকেও তার খোঁজ মেলেনি। আশোকাঠী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জাহিদ হোসেন জানান, নম্র ও ভদ্র স্বভাবের মহিউদ্দিন তাদের প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল কর্মী ছিলেন এবং হঠাৎ এই নিখোঁজের ঘটনায় পরিবার ও সহকর্মীরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এই ঘটনায় ইতোমধ্যে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, নিখোঁজ হওয়া ওই কর্মচারীকে দ্রুত উদ্ধার এবং পুরো ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশি তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।