উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
আগামী ১৯ ডিসেম্বর ঢাকায় জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ঐক্যজোট। আকাবির-আসলাফের রাজনৈতিক মিশন এগিয়ে নেওয়ার লক্ষ্যে দলটি এই কনভেনশনের আয়োজন করবে। সোমবার বাদ জোহর রাজধানীর লালবাগে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শূরার গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে জাতীয় কনভেনশন সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। কনভেনশনের পূর্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে জেলা ও মহানগর কমিটিগুলো নবায়ন ও পুনর্গঠনের কাজ সম্পন্ন করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। এ ছাড়া আসন্ন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আলোচনা করে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা যাচাই-বাছাই এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরো উপস্থিত ছিলেন মজলিসে শূরার অন্যতম সদস্য ও জোটের ভাইস চেয়ারম্যান মাওলানা জুবায়ের আহমদ, মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা আবুল কাশেম, মাওলানা শামসুল আলম, মাওলানা ফারুক আহমদ, মাওলানা রিয়াজউল্লাহ, মাওলানা করী নাসির উদ্দিন, মাওলানা আব্দুল হান্নান প্রমুখ।