উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ভারতের সঙ্গে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলায় জাতীয় সংসদে আলোচনার দাবি জানিয়েছে বিরোধী দল। এ বিষয়ে সংসদে সাধারণ আলোচনার জন্য কার্যপ্রণালির ১৪৭ বিধিতে নোটিস দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নোটিসে বলা হয়েছে, ১৯৯৬ সালে সম্পাদিত ঐতিহাসিক এই চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে চলেছে। বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং কোটি মানুষের জীবন-জীবিকার স্বার্থে সময়মতো ন্যায্য ও টেকসই পানিবণ্টন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। অন্যথায় শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানির তীব্র সংকট দেখা দিতে পারে। মীর আহমাদ উল্লেখ করেন, চুক্তি নবায়ন বা নতুন চুক্তি না হলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়া, সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস ও লবণাক্ততা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক পানিপ্রবাহ আইনের আলোকে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা জোরদার এবং গঙ্গা ব্যারাজ বা তিস্তা মহাপরিকল্পনার মতো অভ্যন্তরীণ ব্যবস্থাপনা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। একই বিধিতে তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষ ও জ্বালানি সংকট নিরসনে আলোচনার প্রস্তাব দিয়েছেন নাজিবুর রহমান। এছাড়া ৬৮ বিধিতে কৃষকদের সার সংকট ও দুর্নীতি নিয়ে শফিকুল ইসলাম মাসুদ এবং এলপিজি গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে ব্যারিস্টার মাহবুবুল আলম আলোচনার প্রস্তাব দিয়েছেন। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর জাপান সফর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন বলে জানা গেছে। এছাড়া বিমানবন্দরে যাত্রী হয়রানি ও রোহিঙ্গা সমস্যা নিয়ে আরও দুটি প্রস্তাব আসার কথা রয়েছে। স্পিকার দু-একদিনের মধ্যে এসব নোটিসের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।