উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোনারগাঁও প্রতিনিধি, সোনারগাঁও ||
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম। তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে এলাকায় গণসংযোগ চালাচ্ছেন।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে সাদিপুরে তাঁর পরিচিতি রয়েছে। তিনি কয়েক দফায় প্রায় ৩০ বছর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের মা প্রয়াত গুল বদন বেগম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। তাঁর বাবা প্রয়াত ডা. রুস্তম আলী ভূঁইয়া ছিলেন চিকিৎসক। সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে তিনি ব্রহ্মপুত্র নদে রাবার ড্যাম প্রকল্পের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের টানা চারবারের নির্বাচিত সভাপতি ছিলেন।দলীয় ও স্থানীয় নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক আন্দোলনে সক্রিয় থাকায় মাসুমের বিরুদ্ধে প্রায় ১০টি মামলা হয় এবং তাঁকে দীর্ঘ সময় আত্মগোপনে থাকতে হয়। তাঁর ভাষ্য, মামলাগুলো ছিল মিথ্যা। তাঁর ছোট ভাই অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়া লিটনের বিরুদ্ধেও ছয়টি মামলা হয়েছিল বলে তিনি জানান।২০১৬ সালে দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন মাসুম। ভোটকেন্দ্র দখল, অনিয়ম ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে ভোটের দিন বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। দলীয় সূত্রের দাবি, প্রথম তিন ঘণ্টায় তিনি প্রায় ছয় হাজার ভোট পেয়েছিলেন।নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কামরুজ্জামান ভূঁইয়া মাসুম বলেন, “আমি বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই এই রাজনীতির সঙ্গে যুক্ত। বিগত সরকারের আমলে দলের চরম দুর্দিনে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নেতাকর্মীদের নিয়ে রাজপথে ছিলাম। ১০টি মিথ্যা মামলার আসামি হয়ে ফেরারি জীবন কাটিয়েছি। এমনকি সরাসরি রাজনীতিতে যুক্ত না থেকেও আমার একমাত্র ছোট ভাই অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়া লিটন ছয়টি মামলার আসামি হয়েছেন। এভাবে আমার পরিবার নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে।”তিনি আরও বলেন, “ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদের মতামত নিয়েই এবারও নির্বাচনের মাঠে নেমেছি। যেখানেই যাচ্ছি, সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি, দল এবারও আমাকে মূল্যায়ন করবে এবং দলীয় সমর্থন নিয়ে আমি নির্বাচিত হতে পারব।”সাদিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আওলাদ হোসেন প্রধান বলেন, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাসুমকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। দল তৃণমূলের মতামতকে গুরুত্ব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।স্থানীয় ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, দলমত-নির্বিশেষে মাসুম একজন সজ্জন ও গ্রহণযোগ্য ব্যক্তি। সাদিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মাস্টারের মতে, এলাকার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান মাসুম চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারণ মানুষ উপকৃত হবেন।