উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাব অনুযায়ী, অক্টোবরে দেশে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশে। আগের মাস সেপ্টেম্বরে এই হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। সোমবার বিবিএস প্রকাশিত অক্টোবর মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশে নেমেছে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ২২ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে। আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। অর্থাৎ এক মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশীয় পয়েন্ট। বিবিএসের হিসাবে, অক্টোবরে দেশে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশে। সেপ্টেম্বরে এই হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। গত বছরের একই মাসে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০১ শতাংশ।