উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার পদক্ষেপকে কর্মীদের সান্ত্বনা দেওয়ার অপকৌশল বলেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সোমবার এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, এর মাধ্যমে তিনি নিজের দলীয় পদ বাঁচিয়ে রাখা এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে তিনটি সম্ভাব্য কারণ উল্লেখ করে তিনি জানান, দেশে ফেরার একটি আবহ তৈরি করে তিনি মূলত জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। হঠাৎ করে নেতাকর্মীদের ফেলে ভারতে চলে যাওয়ার পর হতাশ কর্মীদের সান্ত্বনা দিতেই তিনি এই দৃশ্যমান প্রক্রিয়া দেখাচ্ছেন বলে মন্তব্য করেন জামায়াত নেতা। এছাড়া তিনি দেশে ফিরছেন এই বার্তা দিয়ে আওয়ামী লীগে নিজের শীর্ষ পদটি অক্ষুণ্ন রাখার কৌশল নিয়েছেন বলেও জুবায়ের উল্লেখ করেন। শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরবেন না মন্তব্য করে তিনি বলেন, তাকে আইনের আওতার আনতে হবে এবং যেকোনো মূল্যে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে হবে। ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এবং প্রয়োজনবোধে ইন্টারপোলের সহায়তায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ওপর জোর দেন জামায়াতের এই কেন্দ্রীয় নেতা। মানুষকে অস্থির রাখা ও বিভ্রান্তি ছড়ানো তাঁর স্বভাবজাত রাজনৈতিক চরিত্রের অংশ বলে তিনি মন্তব্য করেন। এছাড়া সাম্প্রতিক আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পেছনে প্রশাসনের দুর্বলতা ও বিগত ষোলো বছরের দলীয় নিয়োগের প্রভাব রয়েছে বলে তিনি দাবি করেন। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে জুবায়ের বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে সুবিচার করতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দৃশ্যমান পদক্ষেপ সরকারকে নিশ্চিত করতে হবে বলে তিনি সাক্ষাৎকারে জোরালো দাবি জানান।