উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
রাজধানীর মিরপুরে ব্যবসায়ী মো. শামীম খানকে বিনা অপরাধে ‘গুম’ করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান। সোমবার দুপুরে রূপনগরে স্থানীয় জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। সংবাদ সম্মেলনে এমপি আরমান অভিযোগ করেন, এই গুমের ঘটনায় মিরপুরের ‘গডফাদার’ পাভেলের নাম এসেছে। রাড্ডা হামলার প্রধান সমন্বয়ক হওয়া সত্ত্বেও তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি, এমনকি ৭ নভেম্বরের মিছিলে তাকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কের সঙ্গে দেখা গেছে। তিনি অবিলম্বে অভিযুক্ত মিরপুর পুলিশের ডিসি, এডিসি ও তদন্ত কর্মকর্তাকে গ্রেপ্তারের জোর দাবি জানান। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে ব্যারিস্টার আরমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন দেশে আর কোনো গুমের ঘটনা ঘটেনি, অথচ ঢাকা-১৪ আসনেই দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। ব্যবসায়িক বিরোধ নিয়ে তুলে নিয়ে ক্রসফায়ার ও পা কাটার হুমকি দেওয়া এবং এনএসআই পরিচয়ে ১০ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তুলে তিনি প্রশ্ন তোলেন, আবু সাঈদ ও মুগ্ধের রক্তের কি তবে কোনো মূল্য নেই? সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী ও সাবেক যুবদল নেতা শামীম খান ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি জানান, গত ২৬ আগস্ট রাত সোয়া আটটায় মিরপুর-১ নম্বরের ইউসিবি ব্যাংক এলাকা থেকে সাদা পোশাকের একদল লোক তাকে চোখ বেঁধে তুলে নিয়ে যায়। পরে তিনি জানতে পারেন তাকে মিন্টো রোডের ডিবি অফিসের এডিসি ফজলে খোদা পলাশের কক্ষে রাখা হয়েছে। শামীম খান অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ডিসি রাকিব তাকে আনার নির্দেশ দিয়েছেন বলে এডিসি পলাশ জানান। সেখানে দুই দিন রাখার পর তিন দিনের মাথায় আশুলিয়ার একটি ডাকাতি ও অস্ত্র মামলায় তাকে জড়ানো হয়। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে ভালো পায়ে ভুয়া ব্যান্ডেজ লাগিয়ে নাটক সাজিয়ে আদালতে চালান দেওয়া হয় এবং প্রায় এক মাস জেল খেটে গত ২৪ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্ত হন। ভুক্তভোগী শামীমের স্ত্রী আরবী সুলতানা সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বলেন, চব্বিশের বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এভাবে তুলে নেওয়ার ঘটনা কোনোভাবেই কাম্য নয়। গণতান্ত্রিক যুগেও যদি ফ্যাসিবাদের মতো এমন আচরণ ঘটে, তবে বিপ্লবের অর্থ কী—এমন প্রশ্নও তোলেন তিনি।