উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফতুল্লা, স্টাফ রিপোর্টার, ফতুল্লা ||
পুলিশের চোখ ফাঁকি দিয়ে দামী প্রাইভেটকারে ঘুরে ঘুরে ইয়াবা বিক্রির অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এ কৌশলে মাদক ব্যবসা চালিয়ে এলেও শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি। সোমবার (৯ নভেম্বর) ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ তাঁকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।গ্রেপ্তার যুবকের নাম মো. রিফাত হৃদয় (২৩)। তিনি ফতুল্লা মডেল থানার সস্তাপুর এলাকার মৃত শরিফ মিয়ার ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, সোমবার ভোর ৪টার দিকে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় যমুনা ব্যাংকের সামনে ইয়াবা কেনাবেচার খবর পেয়ে অভিযান চালান ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান। এ সময় তাঁর সঙ্গে পুলিশের একটি দল ছিল।পুলিশের উপস্থিতি টের পেয়ে রিফাত প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ তাঁকে আটক করতে সক্ষম হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে প্যান্টের ডান পকেট থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং বাঁ পকেট থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।পুলিশের দাবি, উদ্ধার করা টাকা ইয়াবা বিক্রির মাধ্যমে পাওয়া এবং প্রাইভেটকারটি মাদক কেনাবেচার কাজে ব্যবহার করা হতো।এ ঘটনায় এসআই মো. মফিজুর রহমান বাদী হয়ে রিফাত হৃদয়ের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।