উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ভারতে পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই প্রতিক্রিয়া জানান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান বলে তার সহযোগীরা জানিয়েছেন। আবেদনটি দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি এবং হত্যাকারী। একজন খুনি এভাবে পাসপোর্টের আবেদন করতে পারেন না। বাংলাদেশ সরকার তাকে পাসপোর্টের মাধ্যমে নয়, বরং ভারতের সঙ্গে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনবে। লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে এই আবেদন করা হলেও সরকার তা নাকচ করে দিয়েছে। ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। বর্তমানে তার দল আওয়ামী লীগের কার্যক্রমও বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে।