উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ভারতে পলাতক স্বৈরাচারী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন। সোমবার করা এ আবেদনসংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালে দেশত্যাগের পর এটিই তার পক্ষ থেকে এ ধরনের প্রথম যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার এবং আদালতে আত্মসমর্পণ করতে চান বলে তিনি রয়টার্সকে জানিয়েছেন। তবে দেশে ফিরলে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি হতে পারে, কারণ বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে বাংলাদেশের দিল্লি দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে পাঠানো চিঠিতে এ অনুরোধ জানানো হয়। এতে বলা হয়, মক্কেলের বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে তার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফেরার তারিখ ঘোষণা করা হবে।