উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পল্লবী থানা, সিআইডি কার্যালয়, মিরপুর ও তেজগাঁওসহ বিভিন্ন স্থানে এই আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত দুজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে এবং ভাটারা এলাকায় একটি স্কুলবাসে আগুন দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি, ভিসি চত্বর, মধুর ক্যানটিন ও নীলক্ষেতসহ বিভিন্ন স্থানে সাত থেকে আটটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় টিএসসি এলাকা থেকে শিক্ষার্থীরা দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন এবং পরে আরও একজনকে আটক করা হয়। শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান জানান, মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পল্লবী থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়, এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের এক সদস্য আহত হন। একই সময়ে মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া মিরপুর ১১ নম্বরে নাভানা টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণে একজন আহত হন এবং সনি হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাটারা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, তেজগাঁও শিল্পাঞ্চল, পান্থপথ ও যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সত্যতা যাচাই এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে।