উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
প্রশাসনের কর্মকর্তাদের যে কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকা ব্যক্তিগতভাবে দোষের নয়, তবে তার প্রকাশ সরকারি অফিসে নয় বরং ব্যালট বাক্সে ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সেবা নিতে আসা নাগরিকদের কোনোভাবেই হয়রানি না করার নির্দেশনা দিয়েছেন তিনি। রোববার সন্ধ্যায় সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে নবীন বিসিএস কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চার মাসের প্রশিক্ষণ শেষে শীর্ষ ১০ কর্মকর্তার হাতে সনদ তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিভিল সার্ভিসে ২৬টি ক্যাডারের কাজের ধরন আলাদা হলেও সবার প্রধান দায়িত্ব জনগণের সেবা করা। প্রধানমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আইনের বাইরে গিয়ে কাজ করার কোনো সুযোগ নেই, তবে বিধিবদ্ধ নিয়ম অনুসরণের পাশাপাশি নাগরিকদের সঙ্গে মানবিক আচরণ জরুরি। আবেদনে ভুল থাকলে শুধু সংশোধন করতে না বলে কোথায় এবং কার কাছে গেলে সমাধান পাওয়া যাবে, সেই পরামর্শ দেওয়াটাই আন্তরিকতার পরিচয়। নাগরিকরা যেন দপ্তরে এসে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। পছন্দের পদে পদায়ন ও পদোন্নতির জন্য সততার সঙ্গে আপস না করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কোনো পদ বা সরকারই চিরস্থায়ী নয়। দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। এছাড়া নির্বাচনি ইশতেহার জনগণের দলিল হিসেবে বাস্তবায়নের দায়িত্ব প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান তিনি।