উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তিয়ান, মহানগর প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৪ নং ওয়ার্ডের রাইজদিয়া গ্রামে ঈদগাহ ময়দান ও কবরস্থানের পাশে ময়লা-আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ বন্ধের দাবিতে গণস্বাক্ষরসংবলিত স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। বুধবার (৪ নভেম্বর) সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আসিফ আল জিনাতের কাছে স্মারকলিপিটি জমা দেন তাঁরা।এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, রাইজদিয়া জামে মসজিদের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তার হোসেনসহ স্থানীয় এলাকাবাসী।এর আগে গত ২৬ অক্টোবর একই দাবিতে রাইজদিয়া ঈদগাহ ময়দান ও কবরস্থানসংলগ্ন এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় বাসিন্দারা। ওই কর্মসূচি থেকে প্রস্তাবিত স্থানে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ প্রত্যাহার করে বিকল্প স্থান নির্ধারণের দাবি জানানো হয়।স্মারকলিপিতে স্থানীয় বাসিন্দারা উল্লেখ করেন, রাইজদিয়া গ্রামের ঈদগাহ ময়দান ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণ করা হলে এলাকার ধর্মীয় পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে। এ ছাড়া সেখানে ভবিষ্যতে মসজিদ নির্মাণের জন্যও জায়গা নির্ধারিত রয়েছে। ওই স্থানে ময়লা-আবর্জনা ফেলা হলে দুর্গন্ধ, পরিবেশদূষণ ও মশা-মাছির উপদ্রব বাড়তে পারে। স্থানীয় বাসিন্দারা জানান, তাঁরা পরিচ্ছন্ন ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার বিরোধী নন। তবে ঈদগাহ ময়দান, কবরস্থান ও মসজিদের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বাস্থ্য, পরিবেশ ও ধর্মীয় স্থাপনার পবিত্রতা রক্ষায় তাঁরা প্রস্তাবিত স্থানে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ বন্ধের দাবি জানিয়েছেন।সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আসিফ আল জিনাত বলেন, এলাকাবাসী ডাম্পিং স্টেশন নির্মাণ বন্ধের দাবিতে আমার কার্যালয়ে একটি স্মারকলিপি দিয়েছেন। তাঁদের দাবির বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।