উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফতুল্লা, স্টাফ রিপোর্টার, ফতুল্লা ||
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়।প্রত্যক্ষ দর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হন। পরে দুপুর ১২টার দিকে তারা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।নাম প্রকাশে অনিচ্ছুক একটি শ্রমিক সংগঠনের নেতা জানান, শ্রমিকরা স্বতঃস্ফূর্ত ভাবে এ আন্দোলনে অংশ নিয়েছেন। তাদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা অংশ নিয়েছেন।এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।