উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বন্দর প্রতিনিধি, বন্দর ||
নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ১১টি ধারালো দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য কথিত ডাকাত মামুন (৪৬) ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত অপর দুজন হলেন—মুক্তার হোসেন (৫০) ও রিয়াদ (২২)।শনিবার (৩১ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটে উপজেলার সোনাচড়াবাগ এলাকায় সাবেক কমিশনার শামসুজ্জোহার বাড়ির সামনে রফিকুল ইসলামের বালুর মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ছোরা, চাপাতি, রামদা, ছেনি ও চায়নিজ কুড়ালসহ মোট ১১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়াও তাদের কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত একটি টেকনো স্পার্ক ৪০ মডেলের মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ১৫০ টাকা জব্দ করেছে পুলিশ।পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা এলাকায় ডাকাতিসহ বড় ধরনের অপরাধ সংঘটিত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে জড়ো হয়েছিল এবং অস্ত্রগুলো নিজেদের হেফাজতে রেখেছিল।বন্দর থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মামুন এলাকার চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৯টি মামলা চলমান রয়েছে। এ ছাড়া গ্রেপ্তার অপর দুই আসামির বিরুদ্ধেও থানায় একাধিক মামলা রয়েছে।এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারা (ডাকাতির প্রস্তুতি ও সমাবেশ) এবং অস্ত্র আইনে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।