উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, নারায়ণগঞ্জ ডেস্ক ||
নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় উচ্ছেদকর্মীদের ওপর হামলার চেষ্টা এবং প্রশাসকের সঙ্গে হকারদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রবিবার (২৫ অক্টোবর) রাতে শহরের বঙ্গবন্ধু সড়ক ও শায়েস্তা খান সড়কে হকার উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উচ্ছেদকর্মীদের নিয়ে অভিযানে যান। একপর্যায়ে হকারদের সঙ্গে উচ্ছেদকর্মীদের উত্তেজনা ছড়িয়ে পড়ে। হকাররা সাখাওয়াত হোসেন খানকে ঘিরে ধরেন এবং উচ্ছেদকর্মীদের মারধর করতে থাকেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।হকার নেতা রনি অভিযোগ করেন, কোনো ধরনের নোটিশ না দিয়েই রাতে হঠাৎ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় তাঁরসহ অন্য হকারদের ওপর হামলা চালানো হয় এবং দোকানপাট ভাঙচুর করা হয়। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, নাসিক প্রশাসকজ উচ্ছেদ অভিযান চালাতে গিয়েছিলেন। তবে এ বিষয়ে প্রশাসন বা পুলিশকে আগে জানানো হয়নি। অভিযান শেষে হকারদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, তিনি উচ্ছেদকর্মীদের নিয়ে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় হকাররা উচ্ছেদকর্মীদের ওপর হামলার চেষ্টা করেন এবং তাঁর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। পরিস্থিতি উত্তপ্ত করতে হকাররা তাঁদের মালামাল রাস্তায় ফেলে দেন বলেও অভিযোগ করেন তিনি। পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।