উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, নারায়ণগঞ্জ ডেস্ক ||
নারায়ণগঞ্জ বন্দরের অখ্যাত ময়না ক্লিনিকের পর এবার ছায়ানূর ক্লিনিকেও ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার বিকেলে এ ঘটনাটি ঘটে আমিন আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটে। গর্ভবতী নারীর নাম নূপূর (২৩)। সে পুরান বন্দর চৌধূরী বাড়ি এলাকার জিসানের স্ত্রী। গৃহবধূর মাতা বিউটি বেগম জানান, তার মেয়ে নূপূর আক্তারকে গত শুক্রবার বন্দরের আমিন আবাসিক এলাকার অখ্যাত ছায়ানূর ক্লিনিকে ভর্তি করেন। সেই দিন জুম্মার পর তার গর্ভে কণ্যা সন্তান জন্ম নেয়। এরপর তাদের ভুল চিকিৎসার কারণে বাচ্চার অবস্থা খারাপ হয়ে গেলে তারা ডাঃ ফেরদৌসী ইসলাম আমাদেরকে দিয়ে বাচ্চাকে মাতুয়াইল হাসপাতালে নেওয়ার জন্য চাপ দেয়। পরে দেখি নেওয়ার আগে আমাদের বাচ্চাটি এখানেই মৃত দেখতে পাই। তারা বাচ্চার মৃত্যুর পরই আমাদেরকে দিয়ে মাতুয়াইল পাঠাতে চেয়েছিলেন নিজেদের দোষা ঢাকার জন্য। শুধু বাচ্চাই মারা যায়নি তারা আমার মেয়ের জরায়ূও কেটে ফেলেছে। এ ব্যাপারে ডাঃ ফেরদৌসী বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রোগীটা ২দিন আগে ব্যাথা নিয়ে আসে। ডিসেম্বরের মাঝামাঝিতে করার কথা। আলট্রাসনোগ্রাম করতে বলা হয়েছিল তারা করেননি। করলে হয়তোবা পরিস্থিতিটা আরো বুঝা যেত। যাই হোক আমি অপারেশনে ছিলাম না। আমাদের সার্জিক্যাল ডাক্তার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অপারেশন হয়েছে। অপারেশনের সময় জরায়ূ সামান্য ছিঁড়ে গেছে হয়তো তবে সেটা আমরা গুরুত্ব সহকারে সেলাই করে দিয়েছি। তিনি আরো বলেন, রোগী আমার তত্ত্বাবধানেই ছিলেন। ডেলিভারির সময় দেওয়া হয়েছে ডিসেম্বরের মাঝামাঝতে কিন্তু তারা রোগীকে দ্রুত এখানে নিয়ে আসার পর দেখ তার পানি ভেঙ্গে গেছে। আমরা অপারেশন করতে চাইনি শুধু রোগীটাকে বাঁচানোর জন্য অপারেশনটা করা হয়। এখানে আমাদের কিছু করার ছিলনা। অসময়ে সন্তান প্রসবের কারণে বাচ্চাটিকে বাচানো সম্ভব হয়নি। কোন ডাক্তারই রোগীর ক্ষতি চান না। ছায়ানূর ক্লিনিকে নবজাতকের মৃত্যুর ঘটনায় নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ এস এম সাখাওয়াত হোসেন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমার নলেজে এসেছে। আমি ইতোমধ্যে ক্লিনিক কর্তৃপক্ষকে চিঠি ইস্যূ করেছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। ক্লিনিকটির লাইসেন্স আছে কি না জানতে চাইলে তিনি অবহিত করেন লাইসেন্স আছে কি না তা খতিয়ে দেখা হবে। এদিকে বিষয়টি সর্বত্র ছড়িয়ে পড়লে হাসপাতাল ঘিরে জনতা জড়ো হলেও স্থানীয় এক বিএনপি নেতাকে ম্যানেজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। গত ২দিন আগে একই এলাকার ময়না ক্লিনিকে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ডাক্তারদের গাফিলতি ও ভুল চিকিৎসার কারণে একের পর এক নবজাতকের মৃত্যুর ঘটনার বিষয়গুলো সাধারণ মানুষের মাঝে উদ্বেগ উৎকন্ঠা দেখা দিয়েছে। এসব অখ্যাত হসপিটাল ক্লিনিকগুলোতে প্রতিনিয়তই নবজাতক মৃত্যুর ঘটনা অহরহ ঘটলেও রহস্যজনক কারণে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ও সংশ্লিষ্ট দপ্তর প্রধানরা নিরব ভূমিকা পালণ করছে।