উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, নারায়ণগঞ্জ ডেস্ক ||
সোনারগাঁয়ে চারটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী। রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার প্রতাবেরচর, সোনাখালী ও পিরোজপুর এলাকায় চুনা কারখানায় ভ্রাম্যমান আদলেতের মাধ্যমে অভিযান চালায় তিতাস। এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়। তিতাস গ্যাস সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মামুনুর রশিদ জানান, কিছু অসাধু লোকজন অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনা কারখানা গড়ে তোলে। চুনা কারখানাগুলো ঘন্টায় ২০ হাজার ফুট অবৈধ গ্যাস ব্যবহার করে এতে সরকার প্রতিমাসে বিপুল পরিমান টাকার রাজস্ব হারাচ্ছে। রোববার উপজেলার পিরোজপুর, সোনাখালী ও প্রতাবেরচর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এক্স্যাভেটর দিয়ে চুনা কারখানা গুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানের সময় তিতাসের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলাম সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।